Blog

Episode 1 :

যদি কেউ উদ্যোক্তা হবার কথা চিন্তা করেন, তবে সবচাইতে প্রথমেই যে বিষয়টি আসবে তা হলো আপনি কি পড়াশুনা শেষে বা পড়াশুনার মাঝখানেই সরাসরি একজন উদ্যোক্তা হিসেবেই আপনার ক্যারিয়ার শুরু করবেন, না-কি কিছুদিন চাকরি করে প্রফেশনাল জগত সম্পর্কে কিছুটা ধারনা নিয়ে তারপর শুরু করবেন ? যদি আইটি-বেজড্ কোনো ইন্টেলিজেন্ট প্রোডাক্ট বা সলিউশন নিয়ে কাজ করতে চান কিংবা ফ্রিল্যান্সার হিসেবে, তবে আমার ব্যত্তিগত পরামর্শ হ’লো সেক্ষেত্রে পড়াশুনা শেষ করে বা মাঝখানেই সরাসরি উদ্যোক্তা হিসেবেই আপনার ক্যারিয়ার শুরু করে দিতে পারেন । আর যদি অন্য কোনো ধরনের বিজনেস করতে চান তবে পড়াশুনা শেষ করে কিছুদিন চাকরি করে প্রফেশনাল মার্কেট সম্পর্কে একটু বাস্তব ধারনা নিয়ে এরপর শুরু করুন ।

 

আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হ’লো, উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার শুরু করবার আগে আপনার পরিবারের সদস্যদের সাথে একটু আলোচনা করে নিন যে তারা এই কিছুটা অনিশ্চিত বন্ধুর যাত্রাপথে স্যাক্রিফাইসিং এটিচিউডে মানসিকভাবে আপনার পাশে থাকার জন্য প্রস্তুত কি-না । আপনার উপরে অর্থনৈতিকভাবে নির্ভরশীল আপনার পরিবারের সদস্যদের বিষয়টিও আপনার মাথায় রাখতে হবে এই কারনে যে, যতদিন ব্রেকইভেন অতিক্রম করে আপনার বিজনেস থেকে প্রফিট না আসবে ততদিন তাদেরকে নিয়ে আপনার পারিবারিক খরচ কিভাবে চলবে তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় । আগে থেকেই এই বিষয়টা বিবেচনায় রাখলে পরবর্তীতে উদ্ভূত কঠিন বাস্তব পরিস্থিতিতে উদ্যোক্তা জীবনের প্রথম দিকের বন্ধুর পথ অতিক্রম করার সময় সংসার খরচ চালানোর দুঃশ্চিন্তায় আপনাকে আক্রান্ত হতে হবে না ।

 

মনে রাখবেন, আশেপাশের মানুষ কে কি বলল তা মাথায় নিলে আপনি সামনে আগাতে পারবেন না । আপনাকে অগ্রীম ধরেই নিতে হবে যে, আপনার আত্নীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী ও নিকটজনদের মধ্যে অধিকাংশই (সবাই না) আপনার সামনে যাই বলুক না কেন পেছনে আপনাকে নিয়ে বিভিন্নরকম কটূ কথা বলবে, হাসি-তামাশা-মশকরা করবে ; আপনি হোঁচট খেলে তারা আপনার সামনে কৃত্রিম সহানুভূতি জানিয়ে একটু উহ্-আহ্ করলেও পেছনে তারা আপনাকে নিয়ে বিদ্রুপ করবে, উপহাস করবে । কাজেই, চারপাশের এইসব মানুষ কে কি বলল সেইসব মনোজাগতিক চাপ মাথায় নিলে আপনার অগ্রযাত্রার গতি কমে যাবে ।

 

আর হ্যাঁ, মনে রাখবেন, চতু্র্দিকের শত রকমের লাত্থি-গুতা খেয়ে কঠোর পরিশ্রম করে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আপনি যদি আপনার দুঃসময় অতিক্রম করতে পারেন, তবে তারাই তখন আপনার পিঠ চাপড়ে বলবে, বলেছিলাম না, ‘কষ্ট করলে কেষ্ট মেলে’ কিংবা ‘No risk no gain’ ।

 

তবে হ্যাঁ, চলার পথে আপনি কিছু সত্যিকারের শুভাকাঙ্ক্ষীর সন্ধান যে পাবেন না, তা নয় ; সেটাও পাবেন । যদি তাদেরকে সঠিকভাবে সনাক্ত করতে পারেন তবে আজীবন সেই মানুষগুলোকে মনে রাখবেন । কারন, কৃতজ্ঞতাস্বীকার মানুষের একটি অত্যন্ত বড় গুন যা পয়সা দিয়ে কিনতে হয় না ।

 

চলবে ……..

আনোয়ার পারভেজ শেফীন
চেয়ারম্যান, পাওয়ারব্রীজ গ্রুপ

পাদটীকা :

আমার লেখা কথাগুলো একান্তই আমার ব্যক্তিগত যা আমার নিজের অভিজ্ঞতালব্ধ এবং আমার আশেপাশের মানুষের অভিজ্ঞতা থেকে নেয়া । এর ব্যতিক্রমধর্মী বা সম্পূর্ন বিপরীতধর্মী অভিজ্ঞতা অনেকের থাকতে পারে । আর তাছাড়া পরিবেশ, পরিস্হিতি, ভাগ্য, অঞ্চলভেদে ব্যবসার ধরন, খুঁটির জোর ইত্যাদি বিভিন্ন নিয়ামকের ভিন্নধর্মী প্রভাবে একেকজনের অভিজ্ঞতা একেক রকম হতেই পারে ; তাতে অবাক হওয়ার কিছু নেই ।

#Entrepreneurship_Episode_by_Anwar_Pervez_Shefi_Chairman_Powerbreeze_Group