Blog

Episode 4:

 

এর আগের এপিসোডে আমি ফান্ডিং নিয়ে লিখেছিলাম অর্থাৎ ফান্ড কিভাবে যোগাড় হবে তা নিয়ে । আজ বলব ফান্ড ম্যানেজমেন্ট নিয়ে অর্থাৎ আপনার স্টার্টআপের জন্য যোগাড় করা ফান্ড খরচ করবার সময় আপনার সচেতনতা নিয়ে ।

 

অনেকে আছেন কোন পারপাজে কতটুকু ফান্ড খরচ করতে হবে তা ঠিকমতো এনালাইসিস করতে পারেন না অথবা কারো দ্বারা প্রভাবিত বা প্ররোচিত হয়ে প্রয়োজনের বাহিরে কোনো একটি খাতেই অনেক বেশী পরিমান ফান্ড খরচ করে পরে ফান্ড ক্রাইসিসে নিমজ্জিত হয়ে আর সামনে আগাতে পারেন না ।

 

উদাহরণ দেয়া যাক । ধরুন আপনার স্টার্টআপের সর্বমোট বাজেট ১ কোটি টাকা । এখন কেউ আপনাকে বুদ্ধি দিলো যে, গুলশান/বনানীর কোনো পশ লোকেশনে হাইফাই ইন্টেরিয়র ডেকোরেশনে সে..ই আলিশান এক অফিস আপনাকে বানাতে হবে যেখানে ভিজিট/মিটিং করতে এসে আপনার ক্লায়েন্টদের চোখ ধাঁধিয়ে যাবে, আর তাতে বিমোহিত হয়ে আপনার কোম্পানির স্ট্যাটাস সম্পর্কে উচ্চ-ধারনা পোষণ করে ক্লায়েন্টরা আপনাকে কাজের পর কাজ দিয়ে ভাসিয়ে দিবে ; আপনার আর পেছন ফিরে তাকাতে হবে না । এখন শখের বসে ওইসব পশ এলাকায় অফিস ভাড়ার এডভান্স আর অফিস ইন্টেরিয়রেই আপনি খরচ করে ফেললেন ৮০ লাখ টাকা !  তারপর   …. ??????

 

কিংবা ধরুন কোনো এক শুভাকাঙ্ক্ষী (!!!) আপনাকে বলল, ভাই বিজনেস যদি করতে চান, তাহলে সেইরাম ব্রান্ডিং করতে হবে । এরকম শুভাকাঙ্ক্ষীর পরামর্শে আপনি ছুটতে থাকলেন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিলবোর্ড, ডিজিটাল মিডিয়ায় ম্যাসিভ এডভার্টাইজিংয়ের পিছনে, ইভেন্ট স্পন্সরশীপ, বিভিন্ন বিজনেস ফেয়ারে স্টল বানানোর নেশার পেছনে । প্রথম প্রথম কিছুদিন বেশ ভালোই লাগবে আপনার ; কিন্তু এটা করতে গিয়ে চোখের নিমিষে আপনার ১ কোটির মধ্যে ৭৫ লাখ শেষ । তারপর  … ?????

 

আরেকজন পন্ডিত কোনো সহমর্মী আপনাকে বলল যে, বিজনেসে সাকসেসফুল হতে গেলে আপনাকে সেইরাম এক্সপার্ট, অভিজ্ঞ প্রফেশনাল মানুষজনকে রিক্রুট করতে হবে যাতে তারা দ্রুত মার্কেট জয় করে অর্ডারে অর্ডারে আপনার প্রতিষ্ঠানকে সয়লাব করে দিতে পারে । সেই না শুনে আপনি শুরুতেই প্রফেশনাল ও অভিজ্ঞ সিইও, সিওও, সিএফও, জিএম, ডিজিএম, এজিএম, ম্যানেজার…..  ইত্যাদি বিভিন্ন রকমের লোকজন নিয়োগ দিয়ে দিলেন উচ্চ বেতনে ; সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্যুট-টাই পড়া সেইসব কর্পোরেট প্রফেশনালস-দের কন্ঠনিঃসৃত ‘স্যার’, ‘স্যার’ ডাক শুনতে শুনতে আপনি তো তখন সপ্ত আসমানে !  ব্যস, ব্যবসায় কাজ পাওয়া শুরু করার আগেই ওইসব লোকজনের কয়েকমাসের বেতন পরিশোধ করতেই আপনার পুঁজি শেষ । তারপর ….. ????

 

আসলেই এইরকমটা হ’লে তার আর কোন পর নাই । তাই আপনার মোট পুঁজি যদি ১ কোটি টাকা হয় তবে ব্যবসার ধরন বুঝে আপনাকে চিন্তা করতে হবে অফিস/প্রোডাকশন প্লান্ট সেটআপের জন্য আপনি কত খরচ করবেন, বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে আপনার যে লাইসেন্স, এনওসি, এনলিস্টমেন্ট, মেম্বারশিপ ইত্যাদি লাগবে তার জন্য লজিস্টিক এক্সপেন্সেস হিসেবে কত খরচ করবেন, ব্রান্ড প্রোমোশনে কোন পদ্ধতিতে কত টাকা খরচ করবেন, বিজনেস অপারেশনের জন্য প্রাথমিকভাবে একেবারেই অপরিহার্য্য কি রকমের যোগ্যতাসম্পন্ন কতজন এমপ্লয়ী নিয়োগ দিবেন কি রকম স্যালারির মধ্যে, কত টাকা রাখবেন ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে অর্থাৎ অর্ডার পেলে সেই অর্ডার এক্সিকিউট করার জন্য । পাশাপাশি ব্যবসা শুরু করার পরবর্তী অন্তত:পক্ষে প্রথম ছয়মাসের জন্য অফিসভাড়া, ইউটিলিটি বিল, এমপ্লয়ীদের বেতন-ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক ওভারহেড এক্সপেন্সেস এর খরচের জন্যও কিন্তু আপনাকে একটা ফান্ড রেখে দিতে হবে ; আশেপাশের পেশীবহুল আর কলমধারী চাঁদাবাজদের কথা না হয় বাদই দিলাম ।

 

আর ব্যবসার শুরুর দিকে কস্ট মিনিমাইজ করার জন্য আপনার নিজেকেই কখনো এমডি হিসেবে, কখনো ম্যানেজার হিসেবে, কখনো ক্যাশিয়ার হিসেবে, কখনো টাইপিস্ট/রিসিপশনিস্ট হিসেবে, কখনোবা চা-কফি বানানো ও সার্ভ করার কুক/ওয়েটার হিসেবে, কখনো ক্লীনার বা অফিস এসিস্ট্যান্ট হিসেবেও কাজ করা লাগতে পারে । আপনার নিজের অফিস আপনি নিজে ঝাড়ু দিচ্ছেন দেখে কে আপনাকে কি বলল তাতে আপনার কিছুই যায় আসে না । কারন, কেউ আপনাকে খাওয়াবেও না, পড়াবেও না ; নিজেরটা আপনার নিজেকেই করে খেতে হবে ।

 

তা না করে একেবারে শুরুতেই যদি আপনি জমিদারী স্টাইলে চলতে চান, তাহলে পুঁজি হাতে থাকা পর্যন্ত ক’দিন সেই জমিদারী ভাবসাব আপনি উপভোগ করতেই পারেন যা হয়তো আপনাকে সীমিত সময়ের জন্য সম্রাট শাহজাহানের মত একটা ফিল দিতেই পারে অদূর ভবিষ্যতে তাজমহল গড়ার স্বপ্নে বিভোর রেখে । তবে সেক্ষেত্রে সমূহ সম্ভাবনা আছে অল্পদিনের মধ্যেই পুঁজি হারিয়ে, ঋণগ্রস্ত হয়ে তল্পিতল্পা গুটিয়ে কোনো আশ্রমের বাউল বনে যাওয়ার নতুবা ব্যাংকের ঋণ পুনরুদ্ধারের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে শ্রীঘরের বাসিন্দা হওয়ার ।

 

কাজেই, সাধু সাবধান ! মনে আছে নিশ্চয়ই, ছোটবেলায় স্কুলে বিভিন্ন প্রবাদ বাক্য এবং সেগুলির ইংলিশ ট্র্যান্সলেশন শিখিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী যার মধ্যে একটি ছিল, ‘Cut your coat according to your cloth‌’.

 

চলবে ………

 

বি. দ্র. : আমার লেখা কথাগুলো একান্তই আমার ব্যক্তিগত যা আমার নিজের অভিজ্ঞতালব্ধ এবং আমার আশেপাশের মানুষের অভিজ্ঞতা থেকে নেয়া । এর ব্যতিক্রমধর্মী বা সম্পূর্ন বিপরীতধর্মী অভিজ্ঞতা অনেকের থাকতে পারে । আর তাছাড়া পরিবেশ, পরিস্হিতি, ভাগ্য, অঞ্চলভেদে ব্যবসার ধরন, খুঁটির জোর ইত্যাদি বিভিন্ন নিয়ামকের ভিন্নধর্মী প্রভাবে একেকজনের অভিজ্ঞতা একেক রকম হতেই পারে ; তাতে অবাক হওয়ার কিছু নেই ।

 

#Entrepreneurshup_উদ্যোক্তা_উদ্যোগ_New_Business_Bangladesh_Anwar_Pervez_Shefin_Powerbreeze