Episode: 8
এর আগেও কোনো একটি এপিসোডে আমি লিখেছিলাম, কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার পরে হাতেগোনা কিছু ক্রেতা ছাড়া অধিকাংশ ক্রেতার কাছ থেকে পাওনা বাকি টাকা তুলে আনাটা কত বেশি চ্যালেন্জিং আমাদের এই সুজলা-সুফলা-শস্য-শ্যামলা নদীমাতৃক বাংলাদেশে ।
কিন্তু মুসিবতের কথা হ’লো, হাতেগোনা ওই ভালো কিছু ক্রেতার ক্ষেত্রে আবার ইদানিং শুরু হয়েছে নতুন ধরনের জ্বালা । ওইসব কোম্পানিতে উচ্চবেতনে কিছু সিএফও মহোদয়গণ জয়েন করেছেন কয়েক বছর যাবৎ যারা তাদের অতি উচ্চ বেতনকে হালাল করার জন্য কোম্পানির মালিকপক্ষকে নানাবিধ বুদ্ধি দিয়ে থাকেন তাদের ক্যারিশম্যাটিক ও ব্রিলিয়ান্ট ফাইনান্স ম্যানেজমেন্ট পলিসি মেকিং ক্যাপাবিলিটির প্রমান দেওয়ার জন্য ।
তারা মালিকপক্ষকে বোঝান যে, সাপ্লায়ারের/ভেন্ডরের টাকা মেরে না দিয়ে বা ছ্যাঁচরামি না করে ভালোমানুষি গুডউইল ধরে রেখেও বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা তৈরী করে তাদের বিল আটকে রাখা যায় মাসের পর মাস, কখনোবা বছরের পর বছর । এতে সাপও মরবে, লাঠিও ভাংবেনা ; অর্থাৎ কেউ বদনাম করতে পারবে না যে, তারা পাওনাদারের টাকা যথাযথভাবে পরিশোধ করে না ।
তারা অডিট ডিপার্টমেন্ট ছাড়াও কর্পোরেট স্টাইলের নিত্যনতুন নামধারী বিভিন্ন ডিপার্টমেন্টের অবতারনা করেছেন আজকাল তাদের প্রতিস্ঠানগুলিতে এবং সেক্ষেত্রে সাপ্লায়ারদেরকে/ভেন্ডরদেরকে বলা হচ্ছে যে, কাজ শেষ করার পর ওইসকল ডিপার্টমেন্টের NOC/Approval পেলে তারপর বিল দেওয়ার উদ্যোগ নিবে তাদের একাউন্টস ডিপার্টমেন্ট ।
আর ওইসব NOC/Approval প্রদানকারী ডিপার্টমেন্টের লোকজনকে শিখিয়ে দেওয়া হয়েছে যে, ভেন্ডরের বিল সংক্রান্ত ডকুমেন্টস্ তাদের কাছে আসলে কোন কোন বিশেষ বিশেষ পদ্ধতিতে তা সংশোধনের নামে, চেকিংয়ের নামে, ভুল ধরে সময়ক্ষেপন করতে হবে এবং ফারদার ইনভেস্টিগেশনের নাম করে ফেরত পাঠাতে হবে ।
একবার হয়ত ওইসকল ডিপার্টমেন্টে কর্মরত পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানধারী ব্যক্তিবর্গকে তাদের কুয়্যারি করা বিভিন্ন ইস্যুর বিপরীতে আপনি এক্সপ্লানেশন দিতে দিতে NOC দেওয়ার সিগনেটরি অর্থাৎ তাদের ডিপার্টমেন্টের টপবসের টেবিল পর্যন্ত আপনার ফাইল পৌঁছালেন কয়েক মাসের প্রাণান্তকর চেষ্টায় ; কিন্তু যেহেতু তিনি সিগনেটরি, তার জ্ঞান আবার পার্থিব কোনো কিছুর সাথেই তুলনীয় নয়, তিনি চলেন মঙ্গলগ্রহের এলিয়েন লেভেলের ইন্টেলিজেন্সে । তিনি কোনো একটা কুয়্যারি দিয়ে পুনঃতদন্তের নামে ফাইল গড়াতে গড়াতে একদম নীচের লেভেলে আবার পাঠিয়ে দিলেন অনেকটা লুডু খেলার সাপের মুখে গুটি পড়লে যেভাবে তা সাপের লেজ পর্যন্ত নেমে আসে । এরপর শুরু হ’লো আপনার পরবর্তী কয়েকমাসের নতুন প্রাণান্তকর চেষ্টা ।
এভাবে সাপ্লায়ারের/ভেন্ডরের বিল বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন আটকে রাখতে পারলে “Time Value of Money” এবং “Opportunity Cost” – বিজনেস ম্যাথামেটিক্সের এই দুই কনসেপ্টেই ক্রেতার পোয়াবারো, আর বিক্রেতার দীর্ঘশ্বাস !
কোনো কোনো সাপ্লায়ার/ভেন্ডর তো একপর্যায়ে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলেন বা অন্য কোনো গুরুতর পারিবারিক/সামাজিক/স্বাস্হ্যগত/ব্যবসায়িক সমস্যায় জড়িয়ে সেইদিকে ব্যস্ত হয়ে যাওয়াতে নতুন করে আবার শক্তি সঞ্চয় করে ওই বিলের পেছনে দৌড়ানোর শক্তি, সামর্থ্য হারিয়ে ফেলেন, এমনকি সময়ও দিতে পারেন না । কোনো কোনো সাপ্লায়ারকে হয়ত ততদিনে বিজনেসই গুটিয়ে ফেলতে হয়, কেউ কেউ আবার ইন্তেকালও করেন । সেক্ষেত্রে ওই বিলটা তো আর কখনোই দেওয়া লাগলো না ক্রেতার ।
এত উচ্চমানের ইফেক্টিফ ফাইনান্সিয়াল স্ট্র্যাটেজি আবিষ্কার করে তা কোম্পানি ম্যানেজমেন্টকে উপহার দিলে সেইসব সিএফও মহোদয়গণকে সমাদর করে অতি উচ্চ বেতন কেন দেবেন না স্ব-স্ব কোম্পানির মালিকপক্ষ ? তারা বরং মালিকপক্ষকে উল্টো বলতে পারেন যে, তাদের জন্য কোম্পানির কোনো অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে না ; তাদের বেতন-ভাতার টাকা তারা নিজেদের মগজের বুদ্ধি খাটিয়ে নিজেরাই প্রকারান্তরে বের করে নিচ্ছেন ভেন্ডরদের পকেট থেকে ।
ইন্টারেস্টিং বিষয় হ’লো, তাদেরকে এই বিষয়ে কেউ জিজ্ঞেস করলে বা ব্লেম করলে তারা খুব স্টাইলিশ মুডে বলবেন যে, প্রসিডিওর ফলো করে প্রপার ডকুমেন্টেশনসহ সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলির NOC/Approval নিয়ে একাউন্টস ডিপার্টমেন্টের কাছে বিল না পৌঁছালে তারা কিভাবে বিল পেমেন্ট করবেন ? কারন, তারা তো এখন আধুনিক স্টাইলের সিস্টেমেটিক কর্পোরেট কালচারে চলেন । ডকুমেন্টেশনের ঘাটতি থাকলে তো তারা কোনো সহযোগিতা করতে পারেন না ; তাদের হাত-পা নিয়মতান্ত্রিকতার বেড়াজালে বাঁধা ।
চলবে ………
শেফীন
পাদটীকা:
আমার লেখা কথাগুলো একান্তই আমার ব্যক্তিগত যা আমার নিজের অভিজ্ঞতালব্ধ এবং আমার আশেপাশের মানুষের অভিজ্ঞতা থেকে নেয়া । এর ব্যতিক্রমধর্মী বা সম্পূর্ন বিপরীতধর্মী অভিজ্ঞতা অনেকের থাকতে পারে । আর তাছাড়া পরিবেশ, পরিস্হিতি, ভাগ্য, অঞ্চলভেদে ব্যবসার ধরন, পারিবারিক সাপোর্ট, খুঁটির জোর ইত্যাদি বিভিন্ন নিয়ামকের ভিন্নধর্মী প্রভাবে একেকজনের অভিজ্ঞতা একেক রকম হতেই পারে; তাতে অবাক হওয়ার কিছু নেই ।
#Entrepreneurship
#উদ্যোক্তা
#Anwar_Pervez_Shefin

